দুটি এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। পেট্রোবাংলা জানিয়েছে, এলএনজিবাহী একটি জাহাজ সাগরের উত্তাল অবস্থার কারণে ফিরে যাওয়ায় ১৫ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জাহাজটি ফিরে যাওয়ার ফলে সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, সেখানে বর্তমানে সরবরাহ নেমে এসেছে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে।
এদিকে, এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও আংশিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি ও চাপ তৈরি হয়েছে, যা বিভিন্ন অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারের সামনে আপাতত কোনো বিকল্প নেই। তিনি বলেন, "এফএসআরইউ ছাড়া গ্যাস নামানোর সুযোগ নেই, তাই প্রকৌশলীরা টার্মিনালটি সচল করার কাজ করছেন।"