ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী শান্তি চুক্তি পুনরায় কার্যকর করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জুনে হওয়া চুক্তির শর্ত বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের ফিরে আসার সময়সীমা নির্ধারণ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে, তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করার কথা বলেছিল। কিন্তু এই চুক্তিটি স্থায়ী হয়নি।
৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটিকে 'শেষ' বলে ঘোষণা করেন এবং এক সপ্তাহ পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায় যে, চুক্তিটি স্থগিত রয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তির অধীনে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি ইরান পালন করেনি। অপরদিকে, ইরান দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রও চুক্তির শর্ত মানেনি, বিশেষ করে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি।
গত বুধবার (১২ আগস্ট) ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের 'পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে কটাক্ষ করে বলেন, ইরান শুধু কথা বলে, কোনো কাজ করে না।
তবে ইরানের হরমুজ প্রণালি পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, নৌপথটি এখনো বন্ধ রয়েছে এবং ইরানের শর্ত মেনে নেওয়া না হলে এটি খুলে দেওয়া হবে না।