যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনার মধ্যে তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকটি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরান এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তিনি আরও জানান, সংঘাত নিরসনে পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের জন্য ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে। তবে প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণসহ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
এদিকে, মঙ্গলবার ওমান উপসাগর ও লোহিত সাগরে জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন হামলায় একটি কার্গো জাহাজের ৪ নাবিক নিহত হয়েছেন।