সরকারি খাতের পাশাপাশি জ্বালানি তেল বিপণন কার্যক্রম বেসরকারি খাতে উন্মুক্ত করার পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক জ্বালানি তেলের সংকট, কালোবাজারি এবং মজুতদারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকারি বিপণনের বাইরে বেসরকারি খাতেও সম্প্রসারণের চিন্তা করছে সরকার।
তিনি আরও বলেন, যেখানে উন্নয়ন করলে অর্থ উপার্জন সম্ভব, বিগত সময়ে সেসব ক্ষেত্রে কাজ করা হয়েছে, তবে টেকসই উন্নয়ন হয়নি।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, সাময়িকভাবে কয়েক দিনের জন্য গ্যাস সংকট বাড়বে।
প্রতিমন্ত্রী বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)–এর একটি বয়লার চালু হয়েছে, অন্য একটি বয়লার চালু করতে প্রথম বয়লারটিও বন্ধ রাখতে হবে।
তিনি বলেন, জনগণের ভোগান্তি সর্বনিম্ন রাখতে চেষ্টা করা হবে, তবে সাময়িকভাবে গ্যাস সংকট বাড়বে।