গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এদিন আদালত আক্তারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য সোমবার (১০ আগস্ট) দিন ধার্য করেন।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা অবৈধ মিছিল করে। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।