গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলায় কারান্তরীণ রয়েছেন।
বুধবার সকালে আদালতে হাজির করার পর বিকেলে প্রিজন ভ্যানে ওঠানোর সময় তিনি এ ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে হাতকড়া পরিয়ে গাজীপুর জেলা গারদখানা থেকে নিয়ে যাচ্ছিল।
তিনি বলেন, "আমি দেশবাসীর সকলের কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবির থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই।"
মামুন মন্ডল ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ এলাকা থেকে গ্রেপ্তার হন এবং তখন থেকে গাজীপুরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি ২০২৪ সালের ৪ জুলাই গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান। এর আগে তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দুইবার নির্বাচিত হন। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।