আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ১০ আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব গ্রহণ করেন। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উল্লেখ করা হচ্ছে, যদিও দলীয়ভাবে তার নাম এখনও নিশ্চিত করা হয়নি।
এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।