মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

গাজীপুরে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর, আটক হওয়ার পর সরকারবিরোধী মন্তব্যের অভিযোগ।

সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের বিরুদ্ধে কটুক্তির অভিযোগে আটক সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছে আদালত। গত ৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে সিফাতের জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান আদালতে বলেন, সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মদদদাতা হিসেবে পরিচিত। পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করে এ সংক্রান্ত প্রমাণ পেয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি অভিযোগ করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে জামিন নামঞ্জুর হয়েছে। তিনি বলেন, সিফাতকে আটকের পর পুলিশ জানিয়েছিল যে, তাকে সরকারপ্রধানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাতকে কারাগারে পাঠানো হয়েছে, যা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাতকে কারাগারে পাঠানো হয়। আগের রাতে জিএমপির গাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন