বর্তমান সরকারের মূল লক্ষ্য উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা। এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পায় তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে নিয়ে উদ্যোক্তা তৈরির জন্যই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘সরকার নতুন এক উদ্যোগ নিয়েছে ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতি। প্রান্তিক সৃজনশীল মানুষকে শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণ দিয়ে পণ্যের ব্র্যান্ডিংও করা হচ্ছে। মার্কেটিং ব্র্যান্ডিংও করা হচ্ছে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার এসবকে মনিটাইজ করতে চায়। সেক্ষেত্রে তাদের ভ্যালু অ্যাড করে মার্কেটেবল করতে চায়। তাদের অর্থনীতির মূল স্রোতে আনতে চায়।’
মন্ত্রী আরও বলেন, ‘কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল ৪ থেকে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। ব্যাংকটি ভালো করছে, প্রফিটও করছে।’