মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ দুদকে অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছে।

মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকার সময় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী দুদকে এ অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। এ ঘটনায় তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আবদুল হামিদ মিঞা ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসংগতি খুঁজে পেয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন