বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন সুবিধার ঘোষণা করেছে। এখন থেকে বাংলাদেশি ভ্রমণকারীরা দেশে বসেই বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় কিনতে পারবেন।
রোববার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সদস্যদের জন্য এই সুবিধা প্রদান করা হয়েছে।
নতুন ব্যবস্থায়, বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির জন্য ট্যুর অপারেটররা দেশের নাগরিকদের কাছ থেকে টাকায় অর্থ গ্রহণ করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা বিদেশি ট্যুর অপারেটর কিংবা হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ।
এছাড়া, নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে একজন ভ্রমণকারীর জন্য প্রতি বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে প্যাকেজের মূল্য ৩ হাজার ডলারের বেশি হলে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদান করতে হবে।