সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ চার আর্থিক প্রতিষ্ঠানে

বাংলাদেশ ব্যাংক চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে অবসায়নের চূড়ান্ত ধাপে।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিয়োগ চার আর্থিক প্রতিষ্ঠানে

বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক চারটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই পদক্ষেপটি অবসায়নের চূড়ান্ত ধাপ হিসেবে গণ্য করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নতুন প্রশাসক নিয়োগ করা হয়। নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

নিয়োগকৃত প্রশাসকরা সবাই কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যায়ের কর্মকর্তা। তাদের মধ্যে মোঃ আলাউদ্দিনকে আভিভা ফাইন্যান্স, সাদেকুর রহমানকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আতাউর রহমানকে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং মোহাম্মদ ইকবাল হোসেনকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রশাসক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, অবসায়নের প্রক্রিয়ায় থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসেও প্রশাসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রতিষ্ঠানটিতে আদালত কর্তৃক নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ থাকায় বাংলাদেশ ব্যাংক আদালতে আবেদন করেছে। আদালতের আদেশের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন