এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দফতরে জেআইসি সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতিসহ প্রসিকিউশন দল। পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ব্রিগেডিয়ার আজমীসহ অনেক বন্দিকে এই জেআইসিতে রাখা হয়েছে এবং তাদের ওপর দিনের পর দিন নির্যাতন চালানো হয়েছে। তদন্তে বিভিন্ন সাক্ষীর বর্ণনা থেকেও এসব তথ্য পাওয়া গেছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, জেআইসি নামের এই প্রতিষ্ঠানটি ছিল মানুষকে ধরে এনে বন্দি করে নির্যাতনের কেন্দ্র। এটি পরবর্তীতে সর্বজন পরিচিত ‘আয়নাঘর’ হিসেবে পরিচিত হয়।
তিনি বলেন, সেখানে বন্দিদের অমানবিকভাবে আটকে রেখে নির্যাতনের চিত্র আজকের পরিদর্শনের মাধ্যমে কিছুটা অনুভব করা গেছে।
আমিনুল ইসলাম জানান, বাংলাদেশে যেন আর কোনো টিএফআই সেল, জেআইসি সেল বা তথাকথিত ‘আয়নাঘর’ প্রতিষ্ঠিত না হয়, তা নিশ্চিত করতে হবে। দেশের নাগরিকদের অপরাধের জন্য আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে, তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া উচিত নয়।