শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

এআই মডেল উদ্ভাবন করেছে ১৬টি নতুন ভাইরাস, উদ্বেগ বাড়ছে

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এআই মডেল ব্যবহার করে ১৬টি নতুন ভাইরাসের জিনগত নকশা তৈরি করেছেন, উদ্বেগ বাড়ছে।

এআই মডেল উদ্ভাবন করেছে ১৬টি নতুন ভাইরাস, উদ্বেগ বাড়ছে

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬টি নতুন ভাইরাসের জিনগত নকশা তৈরি করেছেন। গবেষণায় ওপেনএআইয়ের তৈরি জেনারেটিভ এআই মডেল ‘ইভো’ ব্যবহার করা হয়েছে, যা ডিএনএ'র গঠন ও বিবর্তন সম্পর্কে বিশাল তথ্য বিশ্লেষণ করে নতুন ভাইরাসের নকশা তৈরি করেছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৩০০টি নতুন জিনগত নকশা পরীক্ষাগারে তৈরি করে পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৬টি কার্যকর ভাইরাস হিসেবে কাজ করতে সক্ষম এবং সেগুলো ব্যাকটেরিয়াকে সংক্রমিত করতে পারে। বিজ্ঞানীরা জানান, নতুন ভাইরাসগুলোর জিনগত বৈশিষ্ট্য প্রকৃতিতে বিদ্যমান কোনো ভাইরাসের সঙ্গে মেলে না।

গবেষণায় মানবদেহে রোগ সৃষ্টি করে এমন কোনো জীবাণুর জিনগত তথ্য ব্যবহার করা হয়নি। ফলে তৈরি হওয়া ভাইরাসগুলো মানুষের জন্য সংক্রামক নয়। তবে, গবেষণার ফলাফল এআইয়ের অপব্যবহারের বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর জীবাণু তৈরি করা সম্ভব হতে পারে।

জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির বায়োসিকিউরিটি বিশেষজ্ঞ ড. থমাস ইংলেসবি ও ড. মরিটজ হাঙ্কে এ বিষয়ে সতর্কতা জারি করেছেন। তারা বলেন, এআই এখন বিপজ্জনক জৈব অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগোচ্ছে।

অন্যদিকে, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক টম এলিস মনে করেন, মানুষের জন্য ক্ষতিকর জৈব অস্ত্র তৈরি করা সহজ হবে না। তিনি বলেন, ভাইরাসগুলোর আকার ও জিনগত কাঠামোর দিক থেকে তুলনামূলক সহজ হওয়ায়, সাধারণ বিধিনিষেধও ঝুঁকি কমাতে পারে।

বিজ্ঞানীরা বলেন, এআই-নির্ভর প্রযুক্তি নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের গতি বাড়াতে পারে। তবে, এর যথাযথ মনিটরিং না থাকলে বিপজ্জনক জীবাণু তৈরি করতে ব্যবহৃত হতে পারে।

এআই কোম্পানিগুলো ‘ফ্রন্টিয়ার মডেল ফোরাম’ নামে একটি অলাভজনক উদ্যোগ গড়ে তুলেছে, যা এআই ও জীববিজ্ঞানের সংযোগ থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ে গবেষণা এবং নিরাপত্তা মানদণ্ড তৈরি করবে।

বিজ্ঞাপন