মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘের রিপোর্টের প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি

জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি জাতিসংঘ।

জাতিসংঘের রিপোর্টের প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেয়নি জাতিসংঘ।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় জাতিসংঘ এই তথ্য প্রদান করেনি বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। বৃহস্পতিবার (৬ জুলাই) মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ তথ্য দেন।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম ট্রাইব্যুনাল ২ কে জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে, তাদের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে যে সব প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ব্যবহার করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হলে তবেই তাদের পরিচয় বাংলাদেশকে দেওয়া হবে।

তিনি আরও জানান, জাতিসংঘের প্রত্যক্ষদর্শীদের তথ্য না পাওয়ায় প্রসিকিউশন নিজেদের প্রত্যক্ষদর্শীদের আদালতে উপস্থাপন করেছে।

যুক্তিতর্কে প্রসিকিউটর বলেন, ওএইচসিএইচআর-এর ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা জ্যেষ্ঠ দলীয় নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

উল্লেখ্য, গত বছর ১২ ফেব্রুয়ারি, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সেখানে জানানো হয়, বিক্ষোভ চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়।

বিজ্ঞাপন