বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গোপন তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে তথ্য অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই করে সুপারিশ দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এটি কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নয়; বরং তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রাথমিক ধাপ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তদন্ত কমিটি, শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ‘আমরা তথ্য অনুসন্ধানের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হবে।’
অভিযোগের তালিকায় থাকা শিক্ষকদের মধ্যে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মণ্ডল এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান। এ দুই শিক্ষক আবু সাঈদ হত্যা মামলার আসামি হওয়ায় এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন। এছাড়া অভিযোগের তালিকায় রয়েছেন অধ্যাপক ড. আয়েশা আক্তার আঁখি, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, জেড উদ্দিন, দেবু পিকে এবং এসকেবি।