ভারত চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ উন্নয়নে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ বছরের মধ্যে ধাপে ধাপে এই অর্থ ব্যয় করা হবে। এর ফলে বিভিন্ন রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং দুর্গম এলাকায় মানুষ ও জরুরি পণ্য পরিবহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ, আসাম, হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নতুন রেললাইন নির্মাণ করা হবে। পাশাপাশি, প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও বিদ্যমান রেল নেটওয়ার্ককে শক্তিশালী করা হবে।
এছাড়া, হিমালয়ের নিকটবর্তী দুর্গম এলাকার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সড়ক, সুড়ঙ্গ, সেতু এবং অন্যান্য যোগাযোগ প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত সরকার।