বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি চালুর আশায় তেলের দাম কমেছে

হরমুজ প্রণালি চালুর আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

হরমুজ প্রণালি চালুর আশায় তেলের দাম কমেছে

হরমুজ প্রণালি আবার চালু হতে পারে এমন আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মঙ্গলবার (৪ আগস্ট) মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। এটি তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়ায়। দুই ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ বিষয়ে সমঝোতা হতে পারে।

অন্যদিকে ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে না। তবে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে তেহরান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি। ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

সংঘাত শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রেখেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এছাড়া ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোর ওপরও অবরোধ জারি করেছে।

হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর এই রুটটি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও গত সপ্তাহে একের পর এক জাহাজে হামলার ঘটনায় এটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন