মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রোড পিকের তুষারধসে নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

ব্রোড পিকের তুষারধসে নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধার করেছে পাকিস্তানের উদ্ধারকারী দল।

ব্রোড পিকের তুষারধসে নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ১২তম সর্বোচ্চ শৃঙ্গ 'ব্রোড পিক'-এ ভয়াবহ তুষারধসের ফলে নিখোঁজ হওয়া বিশ্বখ্যাত নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন অভিযাত্রীর মরদেহ উদ্ধার করেছে পাকিস্তানের উদ্ধারকারী দল।

দ্য আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, রোববার পর্বতের প্রায় ৫ হাজার ৭০০ মিটার উঁচুতে নির্মল পুরজার মরদেহ সহ আরও তিনটি মরদেহ দেখতে পাওয়া যায়। শনিবার, নির্মল পুরজার প্রতিষ্ঠান 'এলিট এক্সপেডিশনস' এবং আলপাইন ক্লাব নিশ্চিত করে যে, বৃহস্পতিবার দুপুরে তুষারধসের পর নিখোঁজ হওয়া ১০ সদস্যের পুরো দলটি প্রাণ হারিয়েছে।

নিহতদের মধ্যে নির্মল পুরজা ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যালরি গেইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুংয়ের পরিচয় শনাক্ত করা হয়েছে।

নির্মল পুরজা বিশ্বে ৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতশৃঙ্গ মাত্র ১৮৯ দিনে জয় করে গিনেস বিশ্ব রেকর্ড গড়েছিলেন এবং তিনি নেটফ্লিক্সের '১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল' প্রামাণ্যচিত্রের নায়ক ছিলেন।

প্রিন্স অব ওয়েলস (প্রিন্স উইলিয়াম), যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

৪৩ বছর বয়সী এই পর্বতারোহী ১৬ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে গুর্খা ও স্পেশাল ফোর্সে সেবা দিয়েছিলেন এবং এমবিই খেতাবে ভূষিত হয়েছিলেন। তিনি 'বিনা অক্সিজেনে বিশ্বের ১৪টি আট হাজারি পর্বত দুবার জয় করার' লক্ষ্য নিয়ে ব্রড পিকে আরোহণ করছিলেন। আলপাইন ক্লাব জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো জাপানি ক্যাম্পে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন