মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হিমালয়ে তুষারধসে ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

নেপালের হিমালয়ে তুষারধসে ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২ জন।

হিমালয়ে তুষারধসে ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১২

নেপালের হিমালয় অংশে একটি পর্বতারোহী ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটেছে, যেখানে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। স্থানীয় নাগরিকদের নিয়ে গঠিত ওই দলের সদস্যদের মধ্যে পর্বতারোহী ও সহায়তাকারী কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন।

হিমলুং হিমাল নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত এবং সাম্প্রতিক আবহাওয়ার পূর্বাভাসে সেখানে ভারী তুষারপাতের সম্ভাবনা ছিল। হিমালয় হলিডেজ ট্রেকিংয়ের বিভূতি চাঁদ ঠাকুর জানিয়েছেন, তার অভিযাত্রী দলের অন্তত ৮ সদস্য নিখোঁজ রয়েছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে একটি উদ্ধারকারী দলকে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পাঠানো হয়, তবে বৈরী আবহাওয়ার কারণে তারা শুরুতে পৌঁছাতে পারেনি।

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন জানায়, রোববার প্রথম দুটি মরদেহ উদ্ধার করা হয় এবং সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। সংগঠনটির পাঠানো উদ্ধারকারী দলই এ অভিযান পরিচালনা করে।

এছাড়া, জীবিতদের খুঁজে বের করতে পাহাড়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন