মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি আসন্ন। তিনি বলেন, আজ থেকে ফের আলোচনা শুরু হচ্ছে।
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, জুনে সই হওয়া এই চুক্তি ভবিষ্যতে তেহরানের বৈদেশিক সম্পর্কের ভিত্তি হবে।
এদিকে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শুক্রবার ইরানে বড় হামলার ঘোষণা দিলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে শনিবারই তা বাতিল করেন ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবারও শুরু হচ্ছে এবং দুপক্ষের মধ্যে একটি চুক্তি আসন্ন।
ট্রাম্প বলেন, ‘আমরা আবারও ইরানের সাথে আলোচনা শুরু করছি। চুক্তি হলে অনেক জীবন বাঁচানো যাবে।’
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়ানোর নিশ্চয়তা দিয়েছে।