সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাদ্য মন্ত্রণালয়: ৫৫ লাখ কার্ডধারী পাচ্ছেন ১৫ টাকা কেজির চাল

৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী পাচ্ছেন ১৫ টাকা কেজির চাল, খাদ্য মজুত আগের চেয়ে বেশি।

খাদ্য মন্ত্রণালয়: ৫৫ লাখ কার্ডধারী পাচ্ছেন ১৫ টাকা কেজির চাল

খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের খাদ্য মজুত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি রয়েছে। ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীদের মধ্যে আগামী ৬ মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে, যার দাম হবে ১৫ টাকা কেজি।

এ কর্মসূচি ১ আগস্ট থেকে শুরু হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের জনগণের খাদ্য সহায়তা প্রদান করা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী এ সুবিধা পাবেন। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ এবং এপ্রিল মাসে চাল বিতরণ করা হবে।

এছাড়া, দরিদ্র জনগণের অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫.২৯ লাখ উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলায় ২৯.৭১ লাখ উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

এদিকে, সারা দেশে ১,১০৮টি কেন্দ্রের মাধ্যমে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে। খাদ্য মজুদের পরিমাণ ২ আগস্ট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মে.টন, যার মধ্যে চাল ১৯,৬৬,১৪৮ মে.টন, গম ২,৮০,০১০ মে.টন এবং ধান ১,৫২,১০৯ মে.টন রয়েছে।

সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাস এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন