বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ি অঞ্চলে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। রোববার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স যৌথভাবে এই উদ্যোগের সূচনা করে।
দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২২ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্য সেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তথ্য প্রদান করা হয়।
সেনাবাহিনী জানায়, পর্যায়ক্রমে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সব জোনে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।