সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানান, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।