শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে ধর্মীয় উৎসবে সংঘর্ষে নিহত ১, বিধিনিষেধ আরোপ

নেপালের সুনসারি জেলায় ধর্মীয় উৎসবে সংঘর্ষে নিহত ১, বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নেপালে ধর্মীয় উৎসবে সংঘর্ষে নিহত ১, বিধিনিষেধ আরোপ

ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত রোববার সংঘর্ষের পর সোমবার থেকে এলাকাটির কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুনসারি জেলার দক্ষিণ-পূর্ব অংশটি বিহারের সুপৌল ও আরারিয়া জেলার সীমানা ঘেঁষে অবস্থিত এবং এটি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডোর হিসেবে কাজ করে।

সংঘর্ষের পর মঙ্গলবারও সুনসারি জেলার কিছু অংশে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ বলবৎ ছিল। জেলা প্রশাসন জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কাপ্তানগঞ্জ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর প্রথম এই বিধিনিষেধ আরোপ করা হয়। পুলিশ জানিয়েছে, দুটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব চলাকালে বিরোধের জেরে সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি চালালে একজন নিহত হন এবং নিরাপত্তা কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ আহত হন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিনগর ও দেবগঞ্জ গ্রামীণ পৌরসভাসহ পাঁচটি বাজার এলাকায় কারফিউ বলবৎ রয়েছে। প্রশাসন জনসমাগম নিষিদ্ধ করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে র‍্যালি, বিক্ষোভ মিছিল, এবং অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন