ভারতের বিহারে ২৫ জুলাই অনুষ্ঠিত ‘বিহার বন্ধ’ কর্মসূচির সময় ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে বিহার পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, নীল হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত কনস্টেবল অভিষেক পাটেল বিক্ষোভকারীদের দিকে দৌড়ে গিয়ে একে-৪৭ থেকে অন্তত একটি গুলি ছুড়েন।
সূত্রের দাবি, মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল, যদিও ভিডিওতে একটি গুলির দৃশ্যই ধরা পড়েছে। ভিডিওতে আরও দেখা যায়, গুলি ছোড়ার পর ওই কনস্টেবল সহকর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেন।
রাজ্যজুড়ে ছাত্র সংগঠনগুলোর ডাকা এই বন্ধ কর্মসূচিতে বিভিন্ন জেলায় ব্যাপক বিক্ষোভ হয়। অনেক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে এবং নিরাপত্তা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। সিওয়ানের পুলিশ সুপার জানিয়েছেন, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর কনস্টেবল অভিষেক প্যাটেলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।
মিডিয়ায় তিনজন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ সুপার দাবি করেন, পুলিশের গুলিতে কেউ আহত হননি। তিনি আরও জানান, বিক্ষোভ চলাকালে কোনো অবস্থাতেই গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ ছিল এবং ঘটনার তদন্ত চলছে।