অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটরকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। জরিমানার মোট পরিমাণ ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।
রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনের ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। ভিওআইপি হলো বিদেশ থেকে আসা ফোনকল স্থানীয় মোবাইল বা ল্যান্ডলাইন নেটওয়ার্কে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।
নিয়ন্ত্রক সংস্থা মোবাইল অপারেটরগুলোকে আগামী ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নোটিশ দিয়েছে। সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে, যা ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
রবি আজিয়াটার ৫ হাজার ৯৩৫টি সিমের অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রামীণফোনের ১৮৪টি সিমের অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।