মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির নোটিশে জানানো হয়েছে, গ্রামীণফোন তাদের নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। এ কারণে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেছে।
কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন থানায় পরিচালিত অভিযানে ১৬৪টি ও ২০টি অবৈধ সিম জব্দ করা হয়েছে, যেগুলোতে ভিওআইপি কার্যক্রম চলছিল। বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রতিটি অবৈধ সিমের জন্য ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
২০২৩ সালে গ্রামীণফোনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ১ হাজার ৬৪০টি অবৈধ সিম উদ্ধার করা হয়। ২০২২ সালেও তাদের ৯৯ লাখ ৬২৫ টাকা জরিমানা করা হয়েছিল। এর আগে সরকারী রাজস্ব ক্ষতির জন্য গ্রামীণফোনকে ২০০ কোটি টাকার জরিমানার সম্মুখীন হতে হয়েছিল।