চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের ভরা মৌসুমে সরবরাহ কমে যাওয়ায় সাধারণ মানুষের কাছে রুপালি ইলিশের দাম আকাশ ছুঁয়েছে। গত দুই বছরে দেশে ইলিশের উৎপাদন ৪২ হাজার মেট্রিক টন কমেছে।
বিশেষজ্ঞদের মতে, ইলিশের উৎপাদন কমার পেছনে নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। এসব কারণে নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
মৎস্যজীবীরা জানান, মৌসুমে জেলেদের ব্যস্ততা বাড়লেও নদীতে মাছের দেখা মেলেনি। অনেক জেলে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও খালি হাতে ফিরছেন।
চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে কাজ চলছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান বলেন, সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মাঠে নেমেছে।
চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় অর্ধলক্ষ জেলে।