দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, দুই দফা বৃদ্ধির পর এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমেছে।
নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দামও কমেছে, যা এখন ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে। সোনার পাশাপাশি দেশে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৭৫ টাকা কমেছে।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা করা হয়েছে।
গত বুধবার সকালে বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল, যেখানে ২ হাজার ৭৪১ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছিল।