দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন।
গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সারা দেশের মানুষকে প্রয়োজনীয় কনটেন্ট, ডিজিটাল সম্ভাবনা ও বিনোদনের কাছে নিয়ে আসা। বর্তমানে ভিডিও কনটেন্ট ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত ও নির্বিঘ্ন ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোন নেটওয়ার্ক আধুনিকায়ন করছে। প্রতিষ্ঠানটির বিস্তৃত লোকাল ক্যাশ ইকোসিস্টেম ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় কনটেন্টগুলোকে ভৌগোলিক অবস্থান বিচারে আরও কাছাকাছি নিয়ে এসেছে।
এখন গ্রাহকের প্রিয় কনটেন্ট আন্তর্জাতিক সার্ভারের হাজার হাজার কিলোমিটার দূর থেকে না এসে লোকাল ক্যাশিং প্রযুক্তির মাধ্যমে তাদের হাতের কাছে জমা থাকছে। এর ফলে ভিডিও লোডিংয়ের সময় আগের চেয়ে অনেক দ্রুত হচ্ছে।
গ্রামীণফোনের নেটওয়ার্কে একটি ভিডিওর প্রথম বাইট লোড হতে সময় লাগে মাত্র ৫৫ মিলিসেকেন্ড, যা মানুষের চোখের পলক ফেলার চেয়েও দ্রুত। লাইভস্ট্রিমিং, ভিডিও স্কিপ করা বা পরবর্তী পর্ব লোড করা প্রায় তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে।
প্রতিদিন গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও স্ট্রিম করা হয়, যা একটানা পরিমাপ করলে প্রায় ৪০ বছরের সমান। এই বিপুল ট্রাফিক সামলাতে প্রতিষ্ঠানটি ৭০০ মেগাহার্টজ ও ২৬০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যবহার করছে এবং দেশজুড়ে ২৪ হাজারের বেশি টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সক্ষমতা বাড়াচ্ছে।
সব মিলিয়ে, গ্রামীণফোন দেশের গ্রাহকদের কাছে একটি শক্তিশালী ও সমন্বিত ডিজিটাল অভিজ্ঞতা পৌঁছে দিতে কাজ করছে।