দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন, যা ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো সিইউ মিনি। রাজধানীর পল্টনে সিমবা মটরসের উদ্যোগে ভিমোটোর নতুন থ্রি-এস শোরুম উদ্বোধনের মাধ্যমে স্কুটার দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয়।
নতুন সিইউ ডুকাটি এডিশন স্কুটারটি ইতালির প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা ডুকাটির রেসিং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। স্কুটারটির ডিজাইন ও রং ডুকাটির স্বাক্ষরধর্মী এবং এটি রেসিং-অনুপ্রাণিত নকশাপ্রেমীদের জন্য আকর্ষণীয়। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার এবং এতে ২ দশমিক ৩ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে। একবার পূর্ণ চার্জে এটি ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এর দাম ১ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সিইউ মিনিকে ভিমোটোর জনপ্রিয় সিইউ মডেলের ছোট ও হালকা সংস্করণ হিসেবে বাজারে আনা হয়েছে। এটি দৈনন্দিন স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য তৈরি এবং যানজটে সহজে চলাচল ও কম জায়গায় পার্কিংয়ের সুবিধা রয়েছে। সিইউ মিনির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার এবং এটি এক চার্জে ৭০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এর দাম ১ লাখ ১৫ হাজার টাকা।
ভিমোটোর দাবি, তারা বর্তমানে বিশ্বের ৯০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের বাজারে ইতোমধ্যে ভিমোটো টিসি, টিএসএক্স, সিইউ, স্ট্রিট হান্টার, সিটি ও স্ট্যাসসহ বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার ও বাইক পাওয়া যাচ্ছে। নতুন ডুকাটি এডিশন ও সিইউ মিনি যুক্ত হওয়ায় দেশে ভিমোটোর পণ্যের পরিসর আরও বিস্তৃত হলো।