সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোসিস্টেম সুরক্ষায় বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প শুরু হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম রোববার খুলনার বয়রায় বন ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির জন্য বিশ্বব্যাংক ৬০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করছে। ৪ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ আগামী বছর শুরু হবে এবং ২০৩০ সাল পর্যন্ত চলবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য রক্ষা করে ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, সুন্দরবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে বন বিভাগের কর্মীদের কঠোর নজরদারি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।