প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিলের পাইলট প্রকল্প চলমান থাকার কথা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এটি জাতীয়ভাবে শুরু হবে।
রোববার সিলেট বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালার পর তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে মিড–ডে মিলের পাইলট প্রকল্প চলছে এবং ২০২৭ সালের শুরুতে এটি দেশব্যাপী কার্যকর হবে।
তিনি আরও জানান, বিভিন্ন বিদ্যালয়ে মিড–ডে মিলের বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে, যা দ্রুত সমাধান করা হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রমের ভুল–ত্রুটি পর্যবেক্ষণ করা হবে এবং এর সফলতার ভিত্তিতে ২০২৭ সালে জাতীয়ভাবে কার্যক্রম শুরু হবে।
বেসরকারি বিদ্যালয়গুলোর নীতিমালার মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিদ্যালয়ের পাঠ্যক্রম, শিক্ষক গুণগত মানসহ অন্যান্য বিষয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নজরদারির আওতায় আনা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে।
কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম। সিলেট নগরীর পিটিআই ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।