সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

নাসিরনগর সরকারি কলেজে ইংরেজি ও আইসিটির অনার্স কোর্সের অনুমোদন

নাসিরনগর সরকারি কলেজে ইংরেজি ও আইসিটির অনার্স কোর্সের অনুমোদন, শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি।

নাসিরনগর সরকারি কলেজে ইংরেজি ও আইসিটির অনার্স কোর্সের অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে স্নাতক (সম্মান) বা অনার্স কোর্স চালুর অনুমোদন দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ–৪ শাখার এক আদেশে গত ২১ জুলাই এই অনুমোদন প্রদান করা হয়।

স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের আধা-সরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর খবরে পুরো উপজেলাসহ পার্শ্ববর্তী হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মাধবপুরের শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, অনার্স কোর্স চালু হলে শিক্ষার্থীরা কম খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সুবিধা। আইসিটির মতো যুগোপযোগি বিষয়ে অধ্যয়ন তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

ঢাকাস্থ নাসিরনগর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. মুক্তার হোসেন বলেন, “নাসিরনগর সরকারি কলেজে অনার্স চালুর সিদ্ধান্তটি প্রশংসনীয়। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি।”

নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান জানান, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো কলেজে আইসিটি বিষয়ে সম্মান কোর্স নেই। এটি একটি ঐতিহাসিক ঘটনা।”

কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী বলেন, “আমরা বেশ কয়েকটি বিষয়ে অনার্স চালুর আবেদন করেছি। বর্তমান এমপির চেষ্টায় এই অনুমোদন পাওয়া গেছে।”

নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে কলেজে ১ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বিজ্ঞাপন