মেজর সিনহা হত্যাকাণ্ডসহ বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে বর্তমান সরকার। প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে জুলাই অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে এ কথা জানান।
তিনি বলেন, "এই দেশকে এগিয়ে নিতে জুলাইকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই জুলাই বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।" এছাড়া, জাতীয়তাবাদ এবং জুলাইয়ের চেতনা একে অপরের পরিপূরক বলেও মন্তব্য করেন তিনি।
এ কে এম শামছুল ইসলাম জানান, সরকার ইতোমধ্যে একটি বোর্ড গঠন করেছে এবং ধাপে ধাপে বিচার কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বলেন, "জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সরকার সব সময় ছিল এবং থাকবে।"
তিনি সতর্ক করেন যে, জুলাই চেতনা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক চেতনায় ব্যবহার করা উচিত নয়। অপব্যাখ্যা থেকে জুলাইয়ের চেতনা হারিয়ে না যাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি ফ্যাসিস্ট আমলে অবহেলিত ও অধিকার বঞ্চিত অফিসারদের সকল অধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন।