রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আগামী সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে

আগামী সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা আইনমন্ত্রীর।

আগামী সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে

আগামী সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, "সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে।" তিনি আরও জানান, বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি উল্লেখ করেন, "১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা, আশা করি সেই অধিবেশনেই এটি নিষ্পত্তি করা সম্ভব হবে।" ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিনি স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায়, সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন