প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার দেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, এআই ও রোবোটিক্স (বিইএআর) সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা। সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এই খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি পূর্ববর্তী বক্তাদের উদ্ধৃত করে জানান, বাংলাদেশে ৩ হাজারেরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে বড় প্রযুক্তি কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
তিনি আরও জানান, সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির জন্য সরকার ইতোমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে।