বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, পারিবারিক কলহের কারণে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন কবির হোসেন ও তার স্ত্রী হালিমা বেগম। কবির হোসেন রাজৈর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং পেশায় জেলে ছিলেন। তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও দেড় মাস বয়সী একটি ছেলে রয়েছে।
শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘরের খাটের ওপর পাশাপাশি থাকা স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, বিয়ের পর থেকেই কবির ও হালিমার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। সেই বিরোধের জের ধরে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। নিহত দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।