কিংবদন্তি অভিনেত্রী ববিতা যশোরের বিজয়নগরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তিনি সেখানে গিয়ে মসজিদের জন্য জমি নির্ধারণ করেছেন।
ববিতা জানান, তিনি প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রামের মানুষের জন্য একটি সুন্দর মসজিদ নির্মাণের স্বপ্ন দেখে আসছেন। দাদাবাড়িতে গিয়ে এবার সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ হিসেবে উপযুক্ত জায়গা চূড়ান্ত করেছেন।
তিনি বলেন, “সৃষ্টিকর্তা আমাকে একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন। তাই নিজের জীবনের অন্যতম বড় ইচ্ছা হিসেবে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করতে চাই।”
ববিতা আরও জানান, খুব শিগগিরই মসজিদের নকশা প্রণয়ন করে ধাপে ধাপে নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই বিদায়ের আগে এমন একটি কাজ করে যেতে চাই, যা মানুষের উপকারে আসবে এবং সওয়াবের মাধ্যম হবে।”
অভিনেত্রী ববিতার এই মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার সবচেয়ে বড় চাওয়া একটাই—মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করা।