ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি হজযাত্রীর জন্য ৯৮ হাজার টাকায় পরিবহনের প্রস্তাব দিয়েছে। সরকারের অনুমোদন পেলে তারা ২০২৭ সালের হজ যাত্রীদের পরিবহন করতে চায়। গত বছর ২০২৬ সালের হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।
হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়। এ বিষয়ে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি পাঠিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, ইউএস-বাংলার চিঠি হজের বিমান ভাড়া কমানোর দরকষাকষির আলোচনার জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কম খরচে হজ পালন করতে পারেন, তার জন্য ইউএস-বাংলা নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, তারা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা করেন এবং ইউএস-বাংলার প্রস্তাব সভায় আলোচনা করা হবে।
২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।