সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা তার বুছনা জাল তুলতে গিয়ে সাপটি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। সাপটি দেখতে পেয়ে উত্তেজিত জনতা সেটিকে পিটিয়ে মারার উদ্যোগ নেয়।
এ সময় বন্যপ্রাণী প্রেমী রাসেল কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন এবং নিজের ঝুঁকিতে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। রাসেল কবিরাজ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।
তিনি বলেন, ‘সুন্দরবন থেকে নদী পার হয়ে সাপটি লোকালয়ে চলে এসেছিল। জালের ভেতর সাপটি দেখে স্থানীয় লোকজন এটিকে মেরে ফেলতে যাচ্ছিল। আমি তাদের সচেতন করি এবং সাপটি উদ্ধার করি।’
উদ্ধারের পর অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক জনতার ঢল নামে। রাসেল কবিরাজ সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করতে থাকেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি তাদের হেফাজতে নিয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং বিকালের দিকে এটি সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।