বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি দেশের সড়কে এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে। এই উপলক্ষে ১২ জুলাই রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই ১০০০’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিওয়াইডির কর্মকর্তা, গ্রাহক, ডিলার পার্টনার, খাতসংশ্লিষ্ট ব্যক্তি, ইনফ্লুয়েন্সার ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং এবং বিওয়াইডি বাংলাদেশের চেয়ারম্যান হাফিজুর রহমান খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিওয়াইডি ২০২৪ সালের ৩ মার্চ বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এরপর থেকে প্রতিষ্ঠানটি একাধিক এনইভি মডেল নিয়ে দেশের বাজারে কার্যক্রম সম্প্রসারণ করেছে। বিওয়াইডি জানিয়েছে, তারা বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিদ সাকিফ খান বলেন, ‘১ হাজার এনইভি বিক্রির মাইলফলক বিওয়াইডি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’ তিনি গ্রাহকদের আস্থার প্রতিফলন হিসেবে এই অর্জনকে উল্লেখ করেন।
চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের জানান, ‘দেশে ইভি খাতের প্রতিষ্ঠা ও সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি।’ তিনি বলেন, ‘উদ্ভাবনী প্রযুক্তি, সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে পরিচ্ছন্ন ও স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে বিওয়াইডি।’
দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, যা জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। বিওয়াইডির এই অর্জন দেশের বৈদ্যুতিক গাড়ির বাজার সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।