দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস চীনা কোম্পানি বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে।
রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ এই চুক্তি অনুমোদন করেছে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস বিওয়াইডির গাড়ি তৈরির শর্ত পালনের অংশ হিসেবে তাদের মূলধন বাড়ানোর পরিকল্পনা করেছে।
কোম্পানিটি অগ্রাধিকারমূলক শেয়ার ছাড়ার মাধ্যমে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এতে সংগ্রহ করা অর্থের ন্যূনতম ৫০ শতাংশ পরবর্তীতে মূলধন হিসেবে রূপান্তর করা হবে।
এছাড়া, বিওয়াইডির গাড়ি উৎপাদনের জন্য রানার অটোমোবাইলস তাদের কারখানা সম্প্রসারণে নতুন বিনিয়োগ করবে।