গত ৬ মাসে দেশে তিনটি অর্থনৈতিক অঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে ৬২ হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। এই তথ্য প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার রাজধানীতে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস’ শীর্ষক এক সংলাপে সিপিডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি আইন-শৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানার উৎপাদন কমে যাওয়ার বিষয়টিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে।
সিপিডির গবেষকরা জানান, অর্থনীতির ৩১টি সূচকের মধ্যে ১৯টি সূচকে অবনতি হয়েছে। তারা রাজস্ব আদায়ে ব্যর্থতা এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার জন্য সরকারের সমালোচনা করেন।
গবেষকরা শিল্প উৎপাদন কমে যাওয়া এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের হ্রাসকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বড় ধরনের রাজস্ব আয় ঘাটতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন হবে।
এছাড়া, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেন সিপিডির গবেষকরা। সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের দুশ্চিন্তামূলক সংকেত হলো উনারা আবার এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকীকরণ করার দিকে এগোচ্ছেন কি না।’