মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ার প্রশ্ন নেই: বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে ছাড় না দেওয়ার কথা জানান।

ইরানের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ার প্রশ্ন নেই: বাঘাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা বর্তমানে ‘সংকটের মুখে’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে তেহরান কোনো দ্বিধা করবে না।

১৩ জুলাই, সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বাঘাই বলেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলো কেবল মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। তিনি উল্লেখ করেন, 'আমরা আত্মরক্ষার ক্ষেত্রে কোনো দ্বিধা করব না।'

বাঘাইয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ব্যবহার করে ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, শনিবার অনুষ্ঠিত আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পেয়েছিল। ইরানের লক্ষ্য ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে, ওমানের ওপর যুক্তরাষ্ট্রের চাপের কারণে এ বিষয়ে অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন বাঘাই।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করেনি। নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় এই নৌপথে বাণিজ্যিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

গত ১৭ জুন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন ইসমাইল বাঘাই। তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না করে, তাহলে ইরানও নিজের প্রতিশ্রুতি পালনে বাধ্য থাকবে না।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং সমঝোতা নিয়ে অনিশ্চয়তার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে।

বিজ্ঞাপন