ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বেলা ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীণ জানান, আপাতত রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। এরপর একটি ইঞ্জিন দিয়ে সংশ্লিষ্ট লাইন বেশ কয়েকদফা ট্রায়াল দেওয়া হয়েছে এবং এই পথে ট্রেন চলাচলের উপযোগী ঘোষণা করা হয়।
আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে ৪ জুলাই থেকে ভারী বর্ষণ শুরু হয়। টানা বৃষ্টির ফলে মঙ্গলবার নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া পর্যন্ত রেলপথ পানিতে ডুবে যায়, যেখানে রেলপথ দেড় থেকে দুই ফুট পর্যন্ত তলিয়ে যায়।
সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে পানি নামলেও শমসের পাড়ায় এখনও পানি জমে রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীণ নিশ্চিত করেছেন যে, রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ।