সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারত–ভুটান থেকে পাথর আমদানি বন্ধ, নাকুগাঁও বন্দর অচল

ভারত ও ভুটান থেকে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ, ব্যবসায়ীরা ক্ষতির মুখে।

ভারত–ভুটান থেকে পাথর আমদানি বন্ধ, নাকুগাঁও বন্দর অচল

ভারত ও ভুটান থেকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে। এর ফলে বন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে এবং ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পাথর আমদানির অভাবে কাজ হারিয়েছেন হাজারো শ্রমিক। বন্দরের রাজস্ব আয় গত এক বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এক সময় কয়লা ও পাথরের আমদানি করতে সরগরম থাকা নাকুগাঁও স্থলবন্দর বর্তমানে সংকটের মুখে।

বন্দরটির কার্যক্রম স্থবির হয়ে পড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, বেহাল সড়কের কারণে পাথর আমদানি বন্ধ হয়েছে। প্রতিবছর বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যা আমদানিতে বাধা সৃষ্টি করে।

এক ব্যবসায়ী বলেন, “আমরা যারা ব্যবসায়ী আছি, তাদের অবস্থা ভালো নয়। পাথর আসছে না। যারা শ্রমিক, তাদের অবস্থাও ভালো নয়।” অন্য একজন ব্যবসায়ী বলেন, “রাস্তার সমস্যা থাকায় পাথর আমদানি বন্ধ হয়ে গেছে।”

স্থানীয় শ্রমিক নেতারা জানিয়েছেন, পাথর আমদানি বন্ধ থাকায় কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। তারা দাবি করেছেন, সুপারি, ফলমূল, ফ্লাই অ্যাশসহ অন্যান্য পণ্য আমদানির সুযোগ থাকলে সংকট কিছুটা কম হতো।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে সড়ক খারাপ থাকায় পাথর আমদানি হচ্ছে না এবং কবে পাথর আমদানি শুরু হবে তা নিশ্চিত নয়। নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম বলেন, “ভারতের সাইডে রাস্তা খারাপের কারণে প্রায় এক মাস ধরে ভুটানি পণ্য আমদানি বন্ধ রয়েছে।”

২০২৫-২৬ অর্থবছরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টন পাথর আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক।

বিজ্ঞাপন