সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা ১২ জুলাই রোববার বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশ মুখে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংসদ সদস্যরা।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যরা এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরাও জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। স্পিকার বলেন, 'ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমন একজন মানুষ ছিলেন, যাকে নিয়ে কারও অভিযোগ ছিল না।'
জানাজার শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে। এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রবীণ এই রাজনীতিকের বয়স ছিল ৯৪ বছর।