গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলমান রয়েছে। বিশেষ করে গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে এবং আজ সকালেও ব্যাপক বৃষ্টি দেখা গেছে। দুপুরে এসে বৃষ্টির তীব্রতা কমেনি।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বার্তায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচদিনেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।